লামায় হোটেল ও রিসোর্ট কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি-বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হোটেল ও রিসোর্ট কর্মীদের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (২০ এপ্রিল) সকালে লামা উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি তার বক্তব্যে বলেন,”পর্যটন নগরী হিসেবে বান্দরবান ও লামার গুরুত্ব অপরিসীম পর্যটকদের আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে কর্মীদের দক্ষ করে তোলা অপরিহার্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে আছেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক মোঃ লোকমান হোসেন এবং মোঃ রুবেল। উভয় প্রশিক্ষকই বিদেশের বিভিন্ন পাঁচ তারকা হোটেলে দীর্ঘ সময় কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। তারা প্রশিক্ষণার্থীদের অতিথিশালা ব্যবস্থাপনা, খাদ্য ও পানীয় পরিবেশন এবং পর্যটকদের সাথে পেশাদার আচরণের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিবেন।
দুই দিনব্যাপী (২০-২১ এপ্রিল) এই প্রশিক্ষণে লামা উপজেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের অর্ধশতাধিক কর্মী অংশগ্রহণ করছেন।এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যটন শিল্পে নতুন গতির সঞ্চার হবে এবং পর্যটকরা বিশ্বমানের সেবা পাবে বলে মনে করেন আয়োজকরা।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































